সৌদি আরবে তেল স্থাপনায় হুথিদের হামলা, পাল্টা হামলা সানায়
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে দেশটির প্রধান তেল স্থাপনায় শনিবার (৩ অক্টোবর) হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক সেখানে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন।
অন্যদিকে, হুথিরা অভিযোগ করেছে, সৌদি জোট গত কয়েক দিনে রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। গত মাসে ইয়েমেনের লোহিত সাগরের পুরো উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এই দুই পক্ষ একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। খবর এএফপি ও তুর্কি টাইমসের।
হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় ‘সৌদি শত্রু বিমান’ ২৬ বার হামলা চালিয়েছে। এর আগে তারা সানায় ‘সৌদি আগ্রাসনের’ খবর দিলেও হামলার লক্ষ্যবস্তু বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
অন্যদিকে প্রতিবেশী দেশ সৌদি আরবে, শনিবার বিকেলে রিয়াদের দক্ষিণে আরামকোর একটি স্থাপনা থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন এএফপির একজন সাংবাদিক।
যদিও সৌদি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে শনিবার গভীর রাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রিয়াদের একটি তেল স্থাপনায় হামলা চালান এবং এতে সেখানে আগুন ধরে যায়।
হুথিদের আল-মাসিরাহ চ্যানেল শনিবার সকালে জানায়, তাদের অন্যতম শক্ত ঘাঁটি ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে টেলিযোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
অপরদিকে এএফপির সাংবাদিক জানান, তিনি রিয়াদের দক্ষিণে অবস্থিত আরামকোর তেল শোধনাগারে অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেছেন। স্থাপনাটির কাছে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িও অবস্থান করছিল।

এনটিভি অনলাইন ডেস্ক