‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
ভারতের পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে বদলি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে রাজ্য সশস্ত্র পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়।
বুশরা বানু ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি ইউপিএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুশরা। ওই ভিডিও প্রকাশের কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে একটি সংগঠনের অভিযোগের পর বদলির ঘটনা ঘটল।
১৩ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওতে বুশরা বানু ইউপিএসসির প্রস্তুতিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেনশিয়াল কোচিং একাডেমির ভূমিকা নিয়ে কথা বলেন। নিজের প্রস্তুতির অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকজন ব্যবহারকারী সমালোচনা করেন। তাদের অভিযোগ, ভিডিওতে বুশরা ‘জয় হিন্দ’ বা ‘বন্দে মাতরম’ ব্যবহার করেননি।
‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামের একটি এক্স অ্যাকাউন্ট দাবি করেছে, তারা ভিডিওটি নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের কাছে অভিযোগ জানিয়েছে।
সংগঠনটির অভিযোগ, বুশরা ভিডিওর শুরুতে ‘আসসালামু আলাইকুম’, বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ এবং শেষে ‘জাজাকাল্লাহ’ ব্যবহার করেছেন। কিন্তু ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ বলেননি।
অভিযোগে সংগঠনটি দাবি করে, ভারতীয় রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী একজন কর্মরত কর্মকর্তার প্রকাশ্য যোগাযোগে নিরপেক্ষতা বজায় রাখা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত। এ বিষয়ে যথাযথ পর্যালোচনা ও ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
তবে বুশরা বানুর বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ভিডিও বা অভিযোগের কোনো উল্লেখ করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার আরও দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। পার্থ ঘোষকে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং শুভেন্দু মণ্ডলকে চন্দননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক