স্বর্ণের বাজারে বড় ধাক্কা, এক লাফে কত কমলো দাম?
উচ্চ ট্রেজারি ইল্ড এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার দিনের শুরুতে আউন্স প্রতি স্বর্ণের দাম ৪ হাজার ৩৬২ দশমিক ৮৯ ডলারে নেমে আসে, যা গত ১৯ আগস্টের পর সর্বনিম্ন। তবে এদিন ২ শতাংশ কমে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৪ হাজার ৩৬০ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ২৮ আগস্ট স্বর্ণের বারের দাম সর্বশেষ ২০০ দিনের গড়ের নিচে নেমে গেছে, যা বর্তমানে প্রায় ৪ হাজার ৫২৮ ডলারে রয়েছে।
এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৪০৯ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, আমরা কিছু কৌশলগত বিক্রয় চাপ দেখতে পাচ্ছি। বিশ্বব্যাপী বন্ডের ইল্ড এমন উচ্চতায় রয়েছে, যা গত কয়েক বছরে দেখা যায়নি। সুতরাং, এই সবকিছুই স্বর্ণের বাজারের ওপর চাপ সৃষ্টি করছে। স্বর্ণের দাম ২০০ দিনের চলমান গড়ের নিচে নেমে গেছে, যা একটি গুরুত্বপূর্ণ সংকেত।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্পট রুপার দাম ৬৪ দশমিক ৯৯ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৬৬ দশমিক ৬৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৩৪ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক