জ্বালানি তেলের রফতানি শুল্ক কমাল ভারত
আন্তর্জাতিক বাজারে তেলের দর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানির (এটিএফ) ওপর থেকে উইন্ডফল ট্যাক্স বা রফতানি কর কমিয়েছে ভারত সরকার। আজ শনিবার (১৫ আগস্ট) থেকে এই নতুন কর হার কার্যকর হবে।
সরকারি এক আদেশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডিজেল রফতানিতে শুল্ক প্রতি লিটারে ২৫.৫ রুপি থেকে কমিয়ে ২৪ রুপি করা হয়েছে। এছাড়া পেট্রোল রফতানির ওপর থাকা শুল্ক লিটারপ্রতি ৩.৫ রুপি থেকে একলাফে কমিয়ে শূন্যে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে বিমান জ্বালানির (এটিএফ) রফতানি শুল্ক প্রতি লিটারে ২২ রুপি থেকে কমিয়ে ১৯.৫ রুপি নির্ধারণ করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির ফলে রফতানিকারকদের অতিরিক্ত মুনাফায় কর বসাতে ২০২২ সালের জুলাইয়ে প্রথম উইন্ডফল ট্যাক্স চালু করেছিল ভারত। পরবর্তীতে দুই বছর পর তা তুলে নেওয়া হলেও, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে তেল বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় ২০২৬ সালের মার্চে এই কর ব্যবস্থা পুনরায় চালু করা হয়।
ভারত সরকার প্রতি দুই সপ্তাহ পর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের মূল্যের ওপর ভিত্তি করে এই রফতানি শুল্ক পুনর্নির্ধারণ করে থাকে।

এনটিভি অনলাইন ডেস্ক