ট্রাম্পের মন্তব্যে তেলের দাম বাড়ল ৫ দশমিক ৮ শতাংশ
তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি সমাপ্ত করার ইঙ্গিত দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেছে। ট্রাম্পের এই আগ্রাসী মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৭৮.৪৩ ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণেই বাজারে এই আকস্মিক মূল্যবৃদ্ধি।
এদিকে, ট্রাম্পের এই মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া নতুন উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান প্রধান শেয়ার বাজারগুলো সূচক হারিয়েছে।
বুধবার বিকেলের লেনদেনে মার্কিন শেয়ার বাজারের প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ০.৩ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ শতাংশ পতন রেকর্ড করেছে।
ইউরোপের বাজারগুলোতে পতনের মাত্রা ছিল আরও স্পষ্ট। লন্ডনের প্রধান শেয়ার সূচক (এফটিএসই ১০০) ১.৬৬ শতাংশ কমে দিনের লেনদেন শেষ করেছে। অন্যদিকে, ইউরোপের সামগ্রিক বাজার সূচক স্টক্স ৬০০ পড়েছে ১.৬১ শতাংশ। এছাড়া জার্মানির ডিএএক্স সূচক ২.৩ শতাংশ এবং ফ্রান্সের সিএসি সূচক ২.১৮ শতাংশ হ্রাস পেয়ে বাজার বন্ধ হয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন-ইরান ভূরাজনৈতিক উত্তেজনা যদি দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে, যা পুঁজিবাজারকে আরও দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঠেলে দিতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক