যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যের অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম নিশ্চিত করে বলেছেন, তিনি ক্ষমতাসীন লেবার পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে চান। খবর বার্তা সংস্থা এএফপির।
এর আগে, স্টারমারের পদত্যাগের ঘোষণার পর ৫৬ বছর বয়সী বার্নহাম একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আজ সোমবার (২২ জুন) বার্নহাম লেখেন, ‘আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে (প্রার্থী হিসেবে) তুলে ধরব।’
এদিকে, লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা না করে বার্নহামকে সমর্থন দিয়ে যাবেন। এর মাধ্যমে ওয়েস স্ট্রিটিং ইঙ্গিত দিয়েছেন যে, ম্যানচেস্টারের সাবেক এই মেয়র বার্নহাম কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা ছাড়াই দলের শীর্ষ নেতা হয়ে যেতে পারেন।
আজ সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
স্যার কিয়ার স্টারমার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তার প্রতিটির পেছনে ছিল দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্য। তিনি বলেন, ‘আমি দেশকে ভালোবাসি, তার স্বার্থকে সবার আগে রাখতেই সব সিদ্ধান্ত নিয়েছি।’ বক্তব্যে স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার স্ত্রী সবসময় শক্ত ভিত্তি হিসেবে পাশে ছিলেন।
একইসঙ্গে স্টারমার তার সন্তানদের কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার সন্তানদের জন্য একজন সেরা বাবা হতে চাই। তারা আমার গর্ব ও আনন্দ।’

এনটিভি অনলাইন ডেস্ক