জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধতার সুযোগ
জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এর ফলে সেখানে অবৈধভাবে থাকা প্রবাসী কর্মীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাবেন। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানেই বৈধ হয়ে কাজ করার সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ
গত বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই জরুরি তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিটি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকারের ঘোষিত এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ বিদেশি শ্রমিকরা আইনি জটিলতা বা জরিমানা ছাড়াই দেশে ফিরে যেতে পারবেন। আবার কেউ যদি জর্ডানে থেকে যেতে চান, তবে নির্ধারিত শর্ত মেনে বৈধভাবে কাজ করার আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, এই ক্ষমার আওতায় কোনো শ্রমিক চাইলে তার বর্তমান কর্মস্থল বা নিয়োগকর্তাও পরিবর্তন করতে পারবেন।
বিশেষ করে গৃহকর্মে নিয়োজিত প্রবাসীরা (গৃহকর্মী) চাইলে সম্পূর্ণ নতুন নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করতে পারবেন। এছাড়া যারা মূলত ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসা নিয়ে জর্ডানে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে থেকে গেছেন, তারাও এখন সরাসরি ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতির জন্য আবেদন করার আইনি সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা অত্যন্ত জটিল, দাবি বিশ্লেষকের
বাংলাদেশ দূতাবাস জর্ডানে বসবাসরত সকল বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিকে এই সুযোগটি কাজে লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। সাধারণ ক্ষমার আওতায় কীভাবে এই সুবিধাগুলো নিতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। এই সংক্রান্ত যেকোনো ধরনের আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তার জন্য প্রবাসীদের সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক