বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে এক দিনের ব্যবধানে আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। জ্বালানি তেলের মূল্য হ্রাস ও মার্কিন ডলারের মান কিছুটা দুর্বল হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের নতুন আশার আলো দেখায় মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিশ্ববাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স (১১ দশমিক ৬৬৩৮ গ্রাম) খাঁটি স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৪৬৮ দশমিক ৮৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী মার্কিন স্বর্ণের ফিউচার মূল্যও আজ শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৫ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। আজ ডলারের মান কিছুটা শিথিল হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা বেশ সাশ্রয়ী হয়ে উঠেছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের গোপন বার্তা ফাঁস
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণের বাজারের এই উত্থান এখনও পুরোপুরি জ্বালানি তেল ও ডলারের ওঠানামার ওপর নির্ভরশীল। এগুলো যখনই পিছনের দিকে ফেরে, ঠিক তখনই স্বর্ণের দাম বাড়ে।
আরও পড়ুন : সিনেট শুনানিতে তোপের মুখে মার্কো রুবিও
এরই মধ্যে মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল ও লেবানন সব ধরনের সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। এই ঘটনাটি ইরানের সঙ্গে চলমান মূল যুদ্ধটি অবসানের ক্ষেত্রে একটি বড় ধরনের চুক্তির আশাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। যার ফলে আজ বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেশ কমেছে।
একই সময়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ব্লক করতে একটি প্রস্তাব পাস হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক হাওয়া দিয়েছে।
আরও পড়ুন : আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরীর সঙ্গে বিভ/ৎসতা, ফুটবল ম্যাচ নিয়ে ব্যস্ত পুলিশ!
সাধারণত বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া দাম বৈশ্বিক মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করে এবং এর ফলে ব্যাংক ঋণের সুদের হার দীর্ঘ সময়ের জন্য উঁচুতে রাখতে হয়। তবে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জন উইলিয়ামস আশ্বস্ত করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মূল্যস্ফীতির ওপর যে ঊর্ধ্বমুখী ঝুঁকি তৈরি হয়েছে, তা খুব একটা দীর্ঘস্থায়ী হবে বলে তিনি মনে করেন না।
স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বাজার পরিস্থিতির পূর্বাভাস দিয়ে বলেন, আমি মনে করি না যে স্বর্ণের বাজারের এই সুদিন এখনই শেষ হয়ে গেছে। বছর শেষে স্বর্ণের দাম আউন্স প্রতি পাঁচ হাজার ডলারের আশেপাশে পৌঁছানোর একটি মৃদু সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : এবার ‘জেমস বন্ড’ সাজে হাজির হলেন ট্রাম্প!
আজ স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রোপ্যের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

এনটিভি অনলাইন ডেস্ক