বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার পর বিশ্ববাজারে স্বর্ণ ও জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। ওয়াশিংটনে ইরানের পাঠানো নতুন শান্তি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রাম্প আলোচনার সুযোগ দিতে হামলা স্থগিতের এই ঘোষণা দেন। ফলে আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে ও বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (১৯ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৪ দশমিক ১৭ ডলারে নেমে এসেছে। তবে এটি গত সপ্তাহের দেড় মাসের সর্বনিম্ন মূল্যের চেয়ে কিছুটা ওপরে রয়েছে। অন্যদিকে, আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৭ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে। এর আগে গত শুক্রবার (১৫ মে) বৈশ্বিক বন্ড বাজারে বড় ধরনের পতনের কারণে স্বর্ণের দাম এক দিনেই ২ দশমিক ৪ শতাংশ কমেছিল, যা ছিল গত ২৬ মার্চের পর একক দিনে সর্বোচ্চ পতন। সোমবারও সেই ধারাবাহিকতায় দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯.৫৪ ডলারে নেমেছিল, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন।
কমোডিটি বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ট্রাম্প ও ইরানের মধ্যকার যুদ্ধাবস্থা সাময়িক শিথিল হওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি কমে যাওয়ায় মুদ্রাস্ফীতির শঙ্কা কিছুটা কমেছে। সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়ে, তবে তেলের দাম কমায় সেই চাপ কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশ হতে যাওয়া ইউএস ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের সভার কার্যবিবরণীর দিকে নজর রাখছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন কেভিন ওয়ারশ। এমন এক সময়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরছেন যখন তীব্র মুদ্রাস্ফীতির মুখোমুখি মার্কিন অর্থনীতি। এই পরিস্থিতিতে ট্রাম্পের কাঙ্ক্ষিত সুদের হার কমানোর নীতি বাস্তবায়ন করা নতুন চেয়ারম্যানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মন্দাভাব দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১ হাজার ৯৬৯.০৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭.২৩ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক