ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে চীনের ভূমিকা কী?
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে চীনের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম। তাঁর মতে, এই সংঘাত চীনের অর্থনৈতিক ও কৌশলগত—উভয় স্বার্থকেই গভীরভাবে প্রভাবিত করেছে। খবর আল জাজিরার।
মুহানাদ সেলুম আল জাজিরাকে জানান, এই যুদ্ধে সরাসরি ইরানকে সমর্থন করে হস্তক্ষেপ করা বেইজিংয়ের জন্য ‘অত্যন্ত ব্যয়বহুল’ ও ঝুঁকিপূর্ণ হতে পারত, তাই চীন সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে চীন ইরানকে সম্পূর্ণ একা ছেড়ে দেওয়ারও পক্ষপাতী নয়। বেইজিং বিশ্বমঞ্চে এমন কোনো ধারণা তৈরি হতে দিতে চায় না যেখানে মনে হতে পারে আন্তর্জাতিক ব্যবস্থায় কেবল যুক্তরাষ্ট্রই একমাত্র সক্রিয় শক্তি।
অধ্যাপক সেলুম চীনের ভূমিকার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন :
চীন ইতোপূর্বেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তার ভেটো প্রদানের ক্ষমতা ব্যবহার করেছে। এর মাধ্যমে হরমুজ প্রণালি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে এমন প্রস্তাবগুলোকে আটকে দেওয়া হয়েছে। চীনকে বর্তমানে সামরিক সক্ষমতার দিক থেকে সরাসরি ইরানকে সমর্থন করতে দেখা যাচ্ছে না।
সরাসরি সামরিক সহায়তা না দিলেও, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিছু চীনা সংস্থা সম্ভবত ইরানকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে।
চীনের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে জ্বালানি ও ভূ-রাজনৈতিক দিক থেকে। ফলে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও বেইজিং ইরানকে কূটনৈতিক সুরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক