বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
গেল এপ্রিলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। এ ছাড়া ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কমতে শুরু করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাংলাদেশ সময় শুক্রবার (৮ মে) রাত সোয়া ৭টার দিকে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৩ দশমিক ২৮ ডলার। এই সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের বারের দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। ইউএস গোল্ড ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ ডলার।
খবরে বলা হয়, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশ ছিল, যাতে শ্রমবাজারে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যায়।
তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত নতুন করে আক্রমণের শিকার হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।
অন্যদিকে স্পট রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৮০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে এবং প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ২৬ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৪৭৬ দশমিক ১৮ ডলারে নেমেছে, তবে এই সপ্তাহে এর দাম প্রায় ৩ শতাংশ কমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক