পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের দায়ী করেছে তৃণমূল। খবর আনন্দবাজার অনলাইন।
যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে :
বাঁকুড়া : কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে প্রতিপক্ষের পতাকা লাগানোর ঘটনা ঘটেছে।
বরানগর : ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে।
জামালপুর : শাসক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা সামনে এসেছে।
জামুড়িয়া : চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর পর আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বীজপুর ও নোয়াপাড়া : এই দুই এলাকায় তৃণমূল প্রার্থীরা সরাসরি হামলার শিকার হয়েছেন বলে দলটি দাবি করেছে।
কলকাতা : সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এক ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নেতা-কর্মীদের সতর্ক থাকার ও গণনাকেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, অনেক স্থানে গণনা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে এবং তৃণমূল ৭০ থেকে ১০০টি আসনে এগিয়ে থাকা সত্ত্বেও ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, পরাজয় মেনে নেওয়ার সময় এখনও আসেনি এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সহিংসতার খবর পাওয়ার পর নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে (সিপি) পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক