পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা ‘খেলা শেষ, সূর্য উঠবে-পদ্ম ফুটবে’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যটিতে ২০০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮৭টি আসনে। এছাড়া ভারতীয় কংগ্রেস ২টি এবং অন্যান্য দল ৪টি আসনে এগিয়ে আছে।
নিজেদের সম্ভাব্য বিজয়ের বার্তা হিসেবে আজ সোমবার (৪ মে) বিজেপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘অন্ধকার দূর হবে, সূর্য উঠবে-পদ্ম ফুটবে, খেলা শেষ, উন্নয়ন শুরু।’
ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যের রাজধানী কলকাতার সল্টলেক এলাকায় বিজেপি কার্যালয়ে ‘ওয়ার রুমে’ উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। সেখান থেকে নির্বাচনের ফলাফলের গতিপ্রকৃতি মনিটরিং করছেন নেতারা। নির্বাচনের ফলাফলের গণনার মধ্যেই কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে আজ সোমবার বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার এক ভিডিও বার্তায় বলেছেন, দয়া করে কেউ বিশেষ করে কাউন্টিং এ্যাজেন্টরা, প্রার্থীরা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেসব সেন্টারে গণনা হচ্ছে সেখান থেকে কেউ আসবেন না।
মমতা আরও বলেন, এটা বিজেপির প্ল্যানিং। প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রাখা হয়েছে।
মমতা নিজের দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, এতো মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। অপেক্ষা করুন এবং দেখুন। আমরা আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।

এনটিভি অনলাইন ডেস্ক