ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কি রোববারই শেষ হচ্ছে?
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি নিয়ে নাটকীয় মোড় দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এই খবর প্রকাশ করেছে।
আরও পড়ুন : খাবার কম পাচ্ছে মার্কিন সেনারা, অস্ত্রের ভাণ্ডারও ফুরিয়ে আসছে!
আরও পড়ুন : আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
ইসরায়েলি সূত্রের বরাতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। ট্রাম্প প্রশাসন চাচ্ছে ইরানের সঙ্গে কোনো একটি নির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে। তারা দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়। তবে ইসরায়েলি কর্মকর্তারা এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, চলতি সপ্তাহের শেষ নাগাদ কোনো বড় ধরনের ব্রেকথ্রু বা সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম।
আরও পড়ুন : এবার নৌমন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প, প্রশাসনে বড় রদবদল
আরও পড়ুন : হরমুজ প্রণালিতে ‘সামুদ্রিক বোমা’ পেতে রেখেছে ইরান, সরাতে লাগবে ৬ মাস
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নির্দিষ্ট সময়সীমার বিষয়টি অস্বীকার করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেননি। প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। এখন ইরানকেই সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তি চায় কি না।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রশাসনের ভেতরেই যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে দুই ধরনের বার্তা যাচ্ছে। একদিকে ইসরায়েলকে আশ্বস্ত করা হচ্ছে যে এটি দীর্ঘস্থায়ী হবে না। অন্যদিকে জনসমক্ষে আলোচনার পথ খোলা রাখার কথা বলা হচ্ছে। সূত্র : মিডল ইস্ট আই

এনটিভি অনলাইন ডেস্ক