‘বিলিয়ন ডলার ও সুন্দরী নারী চাই, নইলে সম্পর্ক ছিন্ন’
উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং তার ভাষ্য অনুযায়ী, দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে দাবি করেছেন। অন্যথায়, তিনি তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তার এ দাবি কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা বলেন, সোমালিয়ায় উগান্ডার সামরিক ভূমিকার জন্য দেশটিকে ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে এই অর্থ প্রদান করা উচিত।
সোমালিয়ায় উগান্ডার সেনারা সশস্ত্র জঙ্গি সংগঠন আল-শাবাবের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের পক্ষে লড়াই করেছে।
সেনাপ্রধান কাইনেরুগাবা বলেন, ‘তুরস্কের কাছ থেকে পাওনা ১ বিলিয়ন ডলারের পাশাপাশি আমি দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চাই!’ যদিও পরে কাইনেরুগাবা তার এ পোস্ট মুছে ফেলেন, তবে তার আগেই এটি ভাইরাল হয়ে যায়।
সেনাপ্রধান কাইনেরুগাবা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ দিনের মধ্যে শর্ত পালনে ব্যর্থ হলে উগান্ডা ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে। এর মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ এবং তুর্কি এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
কাইনেরুগাবা আরও বলেন, ‘তুরস্কের জন্য ব্যাপারটা খুবই সহজ—হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে তারাও তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। কোনো সমস্যা নেই।’
উগান্ডার সেনাপ্রধান বলেন, ‘তুরস্ক যদি আমাদের সমস্যাগুলোর সমাধান না করে, তবে আমরা ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব।’
কাইনেরুগাবা অভিযোগ করে বলেন, প্রায় দুই দশক ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তার ভার উগান্ডা বহন করলেও মোগাদিশুতে অবকাঠামো ও পরিচালন সংক্রান্ত চুক্তি থেকে লাভবান হয়েছে আঙ্কারা।
সেনাপ্রধান কাইনেরুগাবা তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে ও সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এর আগে ইসরায়েলকে সমর্থন জানিয়ে দেওয়া এক পোস্টের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। এতে তিনি বলেন, ‘আমি আমাদের প্রভু যিশু খ্রিস্টের ভূমি, পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমার নেতৃত্বে এক লাখ উগান্ডীয় সেনা ইসরায়েলে মোতায়েন করতে প্রস্তুত।’
এই প্রথমবার নয়, সেনাপ্রধান কাইনেরুগাবা এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে দেশটিকে ১০০টি অ্যাঙ্কোলে জাতের গরু প্রদানের প্রস্তাব দেন। প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলে তিনি রোম দখলের হুমকি দিয়েছিলেন। পরে এ ঘটনায় প্রেসিডেন্ট মুসেভেনি ক্ষমা চেয়েছেন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য তার ছেলের সমালোচনা করেছেন।
২০২২ সালে কাইনেরুগাবা কেনিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছিলেন। এ মন্তব্যের কারণে তাকে সাময়িকভাবে পদ থেকে অপসারণ করা হয় এবং উগান্ডা সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়।
সর্বশেষ তরস্কের বিষয়ে সেনাপ্রধান কাইনেরুগাবার করা মন্তব্যগুলোর বিষয়ে তুরস্ক বা সোমালিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। উগান্ডার কর্মকর্তারাও এ পর্যন্ত স্পষ্ট করেননি, তার এই মন্তব্যগুলো সরকারি নীতির প্রতিফলন, নাকি ব্যক্তিগত মতামত।

এনটিভি অনলাইন ডেস্ক