ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছর দেখল বিশ্ব
জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাবের ফলে ২০২৫ সালকে ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছর হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) মার্কিন গবেষক এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলো এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’ এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘বার্কলে আর্থের’ তথ্যমতে, গত ১১ বছর ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময়। এর মধ্যে ২০২৪ সাল উষ্ণতার তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০২৩ সাল। সেই ধারাবাহিকতায় ২০২৫ সাল এখন তৃতীয় উষ্ণতম বছরের রেকর্ড গড়ল।
প্রতিবেদনে সবচেয়ে আশঙ্কাজনক তথ্যটি হলো— গত তিন বছরের গড় বৈশ্বিক তাপমাত্রা প্রথমবারের মতো প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। কোপার্নিকাস জানিয়েছে, প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা (১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) নির্ধারণ করা হয়েছিল। গত তিন বছরে গড় তাপমাত্রা সেই সীমা অতিক্রম করে গেছে।
গবেষকরা বলছেন, এই অব্যাহত তাপপ্রবাহ নির্দেশ করছে পৃথিবী এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহার ও কার্বন নিঃসরণ হ্রাস না পাওয়ায় বৈশ্বিক উষ্ণায়ন দ্রুততর হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক