বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় : পুলিশ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। প্রায় ২৭ বছর আগে হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ওই ব্যক্তি। তবে পরিবার তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে অবগত ছিল না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
হামলাকারী ভারতীয় ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। বন্ডাই সৈকতে হামলায় তার সঙ্গে অংশ নিয়েছিলেন তার ছেলে নাভিদ আকরাম। এই হামলায় সাজিদসহ এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। ঘটনাটি অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে অস্ট্রেলীয় পুলিশ।
ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাজিদ আকরাম হায়দরাবাদে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছিলেন। কাজের সন্ধানে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি–সংক্রান্ত বিষয় ও মা–বাবার সঙ্গে দেখা করতে ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে গিয়েছিলেন তিনি।
তেলেঙ্গানা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদের পরিবার তার ‘উগ্রপন্থি চিন্তাধারার’ বিষয়ে জানত না বলেই মনে হচ্ছে। ১৯৯৮ সালে ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে পুলিশ ‘নেতিবাচক’ কিছু পায়নি। বিবৃতিতে আরও বলা হয়, সাজিদ ও তার ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক বা তেলেঙ্গানার স্থানীয় কোনো প্রভাব নেই।
বন্ডাই সৈকতে হামলার পর অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, সাজিদ গত মাসে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে এবং তার ছেলে নাভিদ অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইনে গিয়েছিলেন। ওই সফরের পেছনে তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কি না, বা ফিলিপাইনে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক