ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্রের
সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারকারী বেসামরিক বিমানগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। খবর বার্তা সংস্থা এএফপির।
সতর্কবার্তায় এফএএ জানায়, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভেনেজুয়েলার আশেপাশে বা অভ্যন্তরে বর্ধিত সামরিক কার্যকলাপের’ কারণে বিমান সংস্থাগুলোকে ‘বাড়িয়ে সতর্কতা অবলম্বন’ করার অনুরোধ জানানো যাচ্ছে।
আরও পড়ুন : ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
গত মাসে জারি করা পূর্ববর্তী সতর্কবার্তাতেও একই নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে কয়েক দিন আগে জেটব্লু এয়ারলাইন্সের একজন পাইলট জানান, ভেনিজুয়েলার কাছে তার বিমানটি মার্কিন বিমান বাহিনীর রিফুয়েলিং প্লেনের সঙ্গে সংঘর্ষের কাছাকাছি চলে এসেছিল। এরই প্রেক্ষিতে নতুন করে এই সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার সতর্কতার কারণে ভেনিজুয়েলার বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক এয়ারলাইনস আঞ্চলিক ফ্লাইটগুলোর জন্য পুরোপুরিভাবে দেশটির আকাশসীমা এড়িয়ে চলছে। মঙ্গলবার পানামার বিমান সংস্থা কোপা ঘোষণা করেছে, তারা কারাকাসে আসা-যাওয়ার ফ্লাইটগুলোর স্থগিতাদেশ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন ও দেশটির উপকূল বরাবর সামরিক বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গত মাসে মাদুরোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত কথিত ‘কার্টেল অফ দ্য সানসের’ নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। একই সঙ্গে তাকে ধরিয়ে দেওয়ার জন্য তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে।
আরও পড়ুন : বিবিসির বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
মার্কিন বাহিনী ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারী নৌকা লক্ষ্য করে ধারাবাহিক হামলাও চালিয়েছে। কয়েক মাস ধরে চলা এই অভিযানে অন্তত ৯৫ জন নিহত হয়েছে। ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক