পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল ৫৮ লাখ নাম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) মনোজ আগরওয়াল। এই তালিকা নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। খবর আনন্দবাজার ও বিবিসির।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ নামের মধ্যে ২৪ লাখ ভোটারকে ‘মৃত’, ১৯ লাখ ‘স্থানান্তরিত’, ১২ লাখ ‘নিখোঁজ’এবং ১৩ লাখ ‘ডুপ্লিকেট’হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রধান নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়ে এসআইআরের প্রথম ধাপ শেষ হলো। যাদের নাম ভুলবশত বাদ পড়েছে, তারা এখন আপত্তি জানিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তির পর আগামী বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০২ সালে পশ্চিমবঙ্গে এসআইআর করা হয়েছিল।
এদিকে, খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে লাখ লাখ যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, অবৈধ অভিবাসীদের নিয়ে গঠিত ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআরের বিরোধিতা করছেন মমতা ব্যানার্জী। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মৃত, ভুয়া ও অবৈধ ভোটারদের নাম বাদ পড়ছে বলেই মমতা এখন আতঙ্কিত। তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান মাত্র ২২ লাখ।

এনটিভি অনলাইন ডেস্ক