প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলায় নিহত ৮
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় নতুন জাহাজ লক্ষ্য করে চালানো হামলায় আটজনকে হত্যার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। কয়েক দিন আগে ভেনেজুয়েলার একটি তেল ট্যাংকার আটকের ঘটনার পর এই হামলা হলো। সম্প্রতি ল্যাটিন আমেরিকার এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় আজ সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড (সাইথকম)। খবর আলজাজিরার।
সাউথকম জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে তিনটি জাহাজে ‘প্রাণঘাতী কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়। এতে মোট আটজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয়টিতে দুইজন ও তৃতীয়টিতে তিনজন নিহত হয়েছে।
মার্কিন বাহিনী দাবি, নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। তবে তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই ধরনের হামলাকে মার্কিন সামরিক বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করেছেন।
এই হামলা ও সামরিক উপস্থিতি বৃদ্ধিকে ভেনেজুয়েলা সরকার ‘বাহ্যিক শক্তিগুলোর দ্বারা দেশের তেল ও গ্যাস সম্পদ লুট করার’ চেষ্টা হিসেবে দেখছে। এদিকে, ভেনিজুয়েলার সীমান্ত ঘেঁষা ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগো মার্কিন সামরিক বিমানকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ত্রিনিদাদ ও টোবাগোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক