পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান। মস্কোতে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা অমীমাংসিত থাকা সত্ত্বেও বুধবার (৩ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করলেন। খবর এএফপির।
এদিকে, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের শীর্ষ আলোচকের সঙ্গে পরবর্তী বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ভোরবেলা ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত বন্ধে তারা কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি।
ক্রেমলিন জানিয়েছে, যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনার কিছু অংশ তাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। যদিও এই প্রস্তাবে রাশিয়ার আক্রমণের প্রায় চার বছর পরেও ইউক্রেনকে পূর্বাঞ্চলের ডনবাসের কিছু অংশ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল।
আলোচনা কেমন হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারি, পুতিনের সঙ্গে তাঁদের একটি মোটামুটি ভালো বৈঠক হয়েছে।’ পরে তিনি আরও যোগ করেন যে আলোচনাটি ‘খুব ভালো’ ছিল। ট্রাম্প মনে করেন, কী ঘটতে চলেছে তা বলা এখনো খুব দ্রুত হয়ে যায়, ‘কারণ এই ধরনের কাজ করতে দু’পক্ষকেই সময় দিতে হয়।’
উইটকফ ও কুশনারের কী ধারণা হয়েছে, পুতিন সত্যি যুদ্ধ থামাতে চান কি না— এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) যুদ্ধের অবসান ঘটাতে চান। এটাই তাঁদের (আলোচকদের) মনে হয়েছে।’
ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেন ‘মোটামুটি ভালোভাবে’ মার্কিন প্রস্তাবকে সমর্থন করেছে। তবে তিনি মনে করেন, ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসে হওয়া বিতর্কিত ও উত্তপ্ত বৈঠকের সময়ই কিয়েভের এই প্রস্তাবে আরও আগেই রাজি হওয়া উচিত ছিল।
মার্কিন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে আলোচনা করার বিষয়ে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে কথা বলতে উইটকফ ও কুশনারের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফ্লোরিডায় ইউক্রেনের শীর্ষ আলোচক রুস্তেম উমেরভের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক