হিজাব ছাড়া ছবি, সৌদি নারীর শিরশ্ছেদের দাবি
হিজাব ছাড়া ছবি তোলায় এক নারীকে হত্যা করে মৃতদেহ কুকুর দিয়ে খাওয়ানোর দাবি তুলেছেন সৌদি আরবের অনেকেই। সম্প্রতি ওই নারী রিয়াদ নগরীর রাস্তায় তোলা তাঁর একটি হিজাব ছাড়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। আর এতেই ক্ষেপে গেছেন সৌদি আরবের অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।
ওই নারীর শাস্তি নিশ্চিত করার জন্য ফেসবুক ও টুইটারে চলছে প্রচারণাও। তাঁদের দাবি, ‘এই নারীকে হত্যা করে তাঁর মরদেহ কুকুর দিয়ে খাওয়ানো হোক।’
এই বিষয়ে বিজনেস টাইমসের খবরের সূত্র ধরে সম্প্রতি দি ইনডিপেনডেন্ট একটি খবর প্রকাশ করে। খবরে জানানো হয়েছে, গত সপ্তাহে মালাক আল সেহরি নামে এক নারী রিয়াদের রাস্তায় তোলা তাঁর নিজের ছবি টুইটারে আপলোড করেন। ছবির নিচে তিনি লেখেন, তিনি সকালের নাশতা করতে যাচ্ছেন।
কিন্তু সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী ওই ছবি তোলার সময় মালাক কোনো বোরখা বা হিজাব পরিহিত ছিলেন না। আর এতেই মহা ক্ষিপ্ত হয়ে যান সৌদির ফেসবুক ব্যবহারকারীরা। অনেকে তাঁকে ফেসবুক ও টুইটার পোস্টে সরাসরি হত্যার হুমকি দেন।

এরপর মালাক তাঁর ফেসবুকে ছবিটি মুছে দেন এবং একপর্যায়ে অ্যাকাউন্টটিই ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে তাঁর ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর ছবি শেয়ার দিয়ে রাষ্ট্রের কাছে তাঁর শিরশ্ছেদের আবেদন করেন।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মালাকের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদির অনেকেই। অনেকেই বলেন, এমন কাজ করে নিজেদের বর্বর হিসেবে দেখানোর প্রয়োজন ছিল না। অনেকেই আবার মালাককে রক্ষা করতে আগ্রহ প্রকাশ করেন।
তবে যাই হোক, এ ব্যাপারে সৌদি আরব কোনো পদক্ষেপ নেয়নি। এ ছাড়া দেশটির পুলিশও এ ব্যাপারে কিছু জানে না বলে ইনডিপেনডেন্টকে জানিয়েছে।

অনলাইন ডেস্ক