মালয়েশিয়ার ৫৯তম স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩১ আগস্ট মালয়েশিয়ায় উদযাপিত হলো ৫৯তম স্বাধীনতা দিবস। ১৯৫৭ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া।
স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার মালয়েশিয়ায় ছিল সরকারি ছুটি। স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় রাজধানী কুয়ালালামপুরের মারদেকা স্কয়ারে সশস্ত্র বাহিনীর এক কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
বর্ণাঢ্য আয়োজন শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কসরত প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হয় মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
রাজধানীর কুয়ালালামপুরের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো স্বাধীনতা দিবস উদযাপন করে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া