যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৯
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন।
স্থানীয় সময় শুক্রবার রাতে কলোরাডো স্প্রিংস পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। অন্যজন পুলিশ কর্মকর্তা।
আহত নয়জনের মধ্যে পাঁচ পুলিশ কর্মকর্তা ও চার বেসামরিক নাগরিক রয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সবার অবস্থাই স্বাভাবিক বলে জানিয়েছেন কলোরাডো স্প্রিংসের পুলিশপ্রধান পিটার ক্যারি।
রয়টার্স-এর খবরে বলা হয়, হামলার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে হামলার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
কলোরাডো পুলিশ সূত্রে জানা যায়, ক্লিনিক ভবনে পাঁচ ঘণ্টা ধরে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি চলে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন ফটোসাংবাদিক জানান, হাত বাঁধা, সাদা টি-শার্ট পরা একজন লোককে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
কলোরাডোর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত হতে পারেননি। তবে তিনি একাই হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক