স্টুডিওতে লেগেছে আগুন, সবাই ভাবল শুটিং চলছে!
চলচ্চিত্রে আমরা যা কিছু দেখি, তার অধিকাংশই নির্মাণ হয় স্টুডিওতে। ‘টাইটানিক’ চলচ্চিত্রের টাইটানিক জাহাজকে আপনি পর্দায় বিশাল সমুদ্রে ভাসতে দেখলেও এর শুটিং কিন্তু কোনো সাগরে হয়নি! হয়েছিল স্টুডিওর ভেতরকার একটি পুকুরে। এই হচ্ছে চলচ্চিত্র স্টুডিওর ক্যারিশমা। তিলকে তাল বনাতে এর জুড়ি নেই।
ঠিক এভাবেই চলচ্চিত্রের প্রয়োজনে শুটিংয়ের সময় সেটে আগুন জ্বালাতে হয়। তাই হয়তো স্টুডিওতে সত্যিকারের আগুন লাগলেও তা সবার চোখ এড়িয়ে যায়। ঠিক ছোটবেলায় পড়া সেই রাখাল আর বাঘের গল্পের মতো।
এমন ঘটনাই ঘটেছে চীনের ঝিজিয়াং প্রদেশের হেংদিয়ান শহরে অবস্থিত হেংদিয়ান ওয়ার্ল্ড স্টুডিওতে। গত ১ জুলাই স্থানীয় সময় ভোর ৫টার দিকে স্টুডিওটিতে সত্যি সত্যিই আগুন লাগে। কিন্তু অবাক করা বিষয় হলো, কেউ এ আগুন নেভাতে এগিয়ে আসেনি, এমনকি ফায়ার সার্ভিসকেও খবর দেয়নি!
কেন? কারণ সবাই ভেবেছিল, সেখানে চলচ্চিত্রের শুটিং চলছে।
প্রত্যক্ষদর্শী এক নারী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘কারণ হেংদিয়ানে সব সময় চলচ্চিত্রের শুটিং চলে। সবাই হয়তো ভেবেছিল, আজো সেখানে চলচ্চিত্রের শুটিং চলছে। তাই তারা পুলিশকে খবর দেয়নি।’
পরে সেখানে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এনডিটিভি