মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান ব্যবহার
মিয়ানমারের রাজধানী নেপিদোতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করেছে পুলিশ। আজ সোমবার শহরটিতে জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীদের একটি দলের ওপর কিছু সময়ের জন্য তীব্র গতিতে জল কামান থেকে পানি ছুড়েছে পুলিশ। খবর বিবিসির।
একটি ভিডিওতে দেখা গেছে, পানির ধাক্কায় কিছু বিক্ষোভকারী মাটিতে ছিটকে পড়ছে; তারা আহত হয়েছে বলে মনে হয়েছে।
প্রতিবাদকারীরা আবেদন জানানোর পর পুলিশ জলকামান ব্যবহার বন্ধ করে, তবে তখনও বিক্ষোভ অব্যাহত ছিল।
গত সোমবার ভোরে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে।
তারপর থেকে বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ হলেও শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে তিন দিন ধরে টানা জান্তাবিরোধী বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে রোববার সামরিক অভ্যুত্থানবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।
সোমবার বৃহত্তম শহর ইয়াঙ্গনের প্রতিবাদ মিছিলে শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুরাও যোগ দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক