নিউইয়র্কে কমেছে মৃতের সংখ্যা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালেও স্কুল, ব্যবসা-বাণিজ্য ও জনসমাগমের ক্ষেত্রে শাটডাউন তুলে নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অ্যান্ড্রু কুওমো গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্ক রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা প্রথমবারের মতো ৫৫০ জনের নিচে নেমেছে। তিনি বলেন, ‘কিন্তু সংকট কাটিয়ে ওঠা থেকে আমরা অনেক দূরে রয়েছি। কারণ, এখনো হাসপাতালগুলোতে প্রতিদিন প্রায় দুই হাজার নতুন কোভিড-১৯ রোগী আসার খবর পাওয়া যাচ্ছে।’
ডেমোক্র্যাট এই নেতা বলেন, ‘যদিও হাসপাতালের জরুরি কক্ষে রোগীদের উপস্থিতি কিছুটা কমেছে, কিন্তু এর অর্থ এই নয় যে, সুখের দিনগুলো আবার ফিরে এসেছে। তাৎক্ষণিকভাবে সবকিছু খুলে দেওয়ার মতো জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি।’
শুক্রবার নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪০ জনের মৃত্যু হয়েছে, যা গত ১ এপ্রিলের পর সর্বনিম্ন।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৫ জনে। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৮ হাজার ৯২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৬৮ হাজার ২৮৫ জন।

অনলাইন ডেস্ক