করোনা সহযোগিতা প্রকল্পে দুর্নীতি, ইন্দোনেশিয়ার মন্ত্রী গ্রেপ্তার
ইন্দোনেশিয়ায় মহামারি করোনাভাইরাসে দুর্গত লোকজনের খাদ্যসহায়তা কর্মসূচি বাস্তবায়নের জন্য বরাদ্দ করা টাকা থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আজ রোববার দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সমাজকল্যাণ মন্ত্রী জুলিয়ারি বাতুবারা ওই কর্মসূচির বরাদ্দ করা টাকা থেকে ১২ লাখ ডলার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাতুবারাকে গ্রেপ্তারের পাশাপাশি ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা তাঁর কয়েকটি সুটকেস, ব্যাকপ্যাক এবং কয়েকটি খাম আটক করেছে। আর সেখান থেকে ১২ লাখ ডলার সমমূল্যের অর্থ পাওয়া গেছে। গতকাল শনিবার মন্ত্রী বাতুবারার বিরুদ্ধে সিরিজ অভিযান চালানো হয়।
বাতুবারাকে সন্দেহের তালিকায় রাখার কারণে নিজেই আজ দুর্নীতিবিরোধী সংস্থার সদর দপ্তরে হাজির হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই নিয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো সরকারের দ্বিতীয় কোনো মন্ত্রী দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার হলেন।
বাতুবারাকে গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট উইদোদো বলেছেন, ‘এই অর্থ জনগণের, করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার করার অর্থ এটি।’ প্রেসিডেন্ট উইদোদো অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে তিনি সুরক্ষা দেবেন না।

এনটিভি অনলাইন ডেস্ক