ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে ইরান : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি এ রাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করায় রোববার ইরানকে অভিযুক্ত করে বলেছেন, তেহরান হামলা চালালে তাদের প্রতিহত করতে সম্ভাব্য সবকিছুই করা হবে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সংঘাতে বিধ্বস্ত সিরিয়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে নেতানিয়াহু এসব কথা বলেন।
নিতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে আমাদের বিরুদ্ধে ইরানের আগ্রাসন অব্যাহত রয়েছে।’ তিনি ওই দিন ইসরায়েল সফরে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্কিন জেনারেল মার্ক মিলের সঙ্গে কথা বলেন। এ মার্কিন জেনারেল তার ইসরায়েলি প্রতিপক্ষ অভিভ কোহাভির সঙ্গে সাক্ষাত করতে তেলআবিব সফরে আসেন।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এ দুই জেনারেল অভিযান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
ইসরায়েলের বর্ধিত গোলান মালভূমি নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ‘আমাদের অঞ্চলে ইরানের প্রবেশ প্রতিহত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি।’

অনলাইন ডেস্ক