উচ্চক্ষমতার জেড ৮৯০ প্লাস বোর্ড ও আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ডে গিগাবাইটের চমক
বিশ্বের শীর্ষ কম্পিউটার হার্ডওয়্যার ব্র্যান্ড গিগাবাইট তাইওয়ানের প্রযুক্তি মেলা কম্পিউটেক্স ২০২৬-এ একসঙ্গে তাদের নতুন প্রজন্মের সিকিউডিআইএমএম প্রযুক্তি-ভিত্তিক জেড ৮৯০ প্লাস সিরিজ মাদারবোর্ড এবং ৪০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অরোস জিফোর্স আরটিএক্স ৫০ ইনফিনিটি সিরিজ গ্রাফিক্স কার্ড উন্মোচন করেছে।
প্রদর্শনীতে সবচেয়ে আলোচিত পণ্য ছিল সিকিউডিআইএমএম সক্ষম জেড ৮৯০ সিরিজের মাদারবোর্ড, যার মধ্যে রয়েছে জেড ৮৯০ অরোস ট্যাকিওন ডুয়োএক্স আইস, জেড ৮৯০ অরোস এলিট ডুয়ো এক্স এবং জেড ৮৯০ এম ফোর্স ডুয়ো এক্স ওয়াইফাই ৭। এসব মাদারবোর্ডে মাত্র দুটি ১২৮ জিবি মডিউলের মাধ্যমে মোট ২৫৬ জিবি ডিডিআর ফাইভ মেমোরি সাপোর্ট দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ ১০ হাজার ৪০০ এমটি পার সেকেন্ড পর্যন্ত স্পিড অর্জন সম্ভব বলে জানানো হয়েছে।
গিগাবাইট জানিয়েছে, তাদের নিজস্ব ডি ফাইভ ডুয়ো এক্স প্রযুক্তি ব্যবহার করে মাদারবোর্ডের সার্কিট ডিজাইন ও বায়োস টিউনিং উন্নত করা হয়েছে। এর ফলে মেমোরি চ্যানেলের লোড কমে এবং সিগন্যাল ইন্টেগ্রিটি আরও ভালো হয়, যা উচ্চগতির পারফরম্যান্স স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া নতুন এআই ভিত্তিক অপটিমাইজেশন প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই সিপিইউ ও মেমোরির পারফরম্যান্স বাড়ানো সম্ভব। আল্ট্রা টার্বো মোড ব্যবহার করে পারফরম্যান্স সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি গেমিং ও হাই পারফরম্যান্স ব্যবহারকারীদের জন্য একাধিক টিউনিং মোডও রাখা হয়েছে।
অন্যদিকে, একই প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে অরোস জিফোর্স আরটিএক্স ৫০ ইনফিনিটি সিরিজ গ্রাফিক্স কার্ড, যেখানে রয়েছে আরটিএক্স ৫০৮০, আরটিএক্স ৫০৭০ টিআই এবং আরটিএক্স ৫০৭০ মডেল। এর আগে সিইএস ইভেন্টে আরটিএক্স ৫০৯০ ইনফিনিটি দেখানোর পর এবার পুরো সিরিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন সিরিজে উইন্ডফোর্স হাইপারবার্স্ট কুলিং সিস্টেম ও ডাবল ফ্লো থ্রু ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা দুই পাশ থেকে বাতাস প্রবাহিত করে উন্নত কুলিং নিশ্চিত করে। প্যাটেন্টেড হক ফ্যান ডিজাইন এয়ার প্রেসার ৫৩ দশমিক ৬ শতাংশ এবং এয়ার ফ্লো ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম বলে দাবি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ওভারড্রাইভ ফ্যান ভারী লোডে অতিরিক্ত কুলিং দেয়।
গ্রাফিক্স কার্ডের পাওয়ার কানেক্টর পেছনের দিকে সরিয়ে দেওয়ায় কেবল ম্যানেজমেন্ট আরও সহজ হয়েছে এবং পিসি বিল্ড আরও পরিষ্কার ও গুছানো সম্ভব হচ্ছে। আর জি বি হ্যালো ও ন্যাচার-ইনস্পায়ার্ড লাইট রিং ডিজাইন ব্যবহারকারীদের কাস্টম লাইটিং ইফেক্টের সুযোগ দিচ্ছে।
গিগাবাইট জানিয়েছে, করসেয়ার, জি স্কিল, কিংস্টন, টিমগ্রুপ, ভি কালার এবং এক্স পি জি সহ একাধিক মেমোরি ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সিকিউডিআইএমএম প্রযুক্তির ইকোসিস্টেম আরও বিস্তৃত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, এই নতুন প্রযুক্তি ও গ্রাফিক্স কার্ড সিরিজ গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিটাস্কিং এবং এআই কম্পিউটিংয়ের ক্ষেত্রে আরও শক্তিশালী ও স্থিতিশীল প্ল্যাটফর্ম তৈরি করবে।

নিজস্ব প্রতিবেদক