লড়াই জমিয়েও চীনের কাছে হারল বাংলাদেশ
চলতি মাসেই মাঠে গড়াবে এশিয়ান গেমস। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়োজক দেশ চীনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ হকি দল। তৃতীয় ম্যাচে চীনের কাছে অবশ্য হার দেখতে হয়েছে বাংলাদেশকে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে লড়াই জমিয়ে তুলে ৬-৫ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ হারলেও স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। ফলাফলও সেটার পক্ষেই কথা বলছে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রকি। আর একটি করে গোল করেছেন আশরাফুল, আমিরুল এবং মাহবুব।
এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে চীনের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সবগুলো ম্যাচ চীন মূল দলের বিপক্ষে নয়। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল প্রোভিন্স দলের বিপক্ষে। তৃতীয় ম্যাচে এসে খেলেছে চীন মূল দলের বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচের ফলাফল অবশ্যই মানসিক শক্তি বাড়ায়। তবে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে সেটিও নেহাতই কম নয়। এমন পারফরম্যান্স এশিয়ান গেমসে বাংলাদেশকে ইতিবাচক মানসিকতা দেবে।

স্পোর্টস ডেস্ক