পথের কাঁটা সরালেন হাসান মাহমুদ
একপ্রান্ত থেকে বাকি ব্যাটাররা যাওয়া-আসার মধ্যেই ছিলেন। কিন্তু বিপরীত চরিত্র ছিলেন ক্যামেরন গ্রিন। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। গতকাল ব্যাটিংয়ে নেমে টিকে ছিলেন আজ দ্বিতীয় সেশন পর্যন্ত। তুলে নিয়েছিলেন সেঞ্চুরিও। অবশেষে তাকে ফেরালেন হাসান মাহমুদ।
আজ রোববার (১৬ আগস্ট) ডারউইন টেস্টের চতুর্থ দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে লিড দিয়েছে ৫৪ রানের। ১৭ বলে ১০ রানে অপরাজিত আছেন নাথান লায়ন আর ১ বলে শূন্য রানে জস হ্যাজলউড।
একটু আগেই ডারউইন টেস্টে একমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন গ্রিন। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার উইকেটে ছিলেন অস্ট্রেলিয়ার শেষ আশা হয়ে। সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দিলেন হাসান। ইনিংসের ৯৩তম ওভারে টাইগার পেসারের অফ স্টাম্পের ওপর ব্যাক অব লেংথ ডেলিভারি নিচু হয়ে আঘাত করে স্টাম্পে। এতে ২০১ বলে ১০৪ রান করে ফিরে যান গ্রিন।
অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙলেন তাসকিন
মধ্যাহ্ন বিরতির আগে ক্যামেরনের গ্রিনের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মিচেল স্টার্ক। বিরতি থেকে ফিরে তাকে আর সেই সুযোগ দিল না বাংলাদেশ। তাসকিন আহমেদের দারুণ এক ডিলিভারিতে পরাস্ত হলেন তিনি। বিপদ বাড়ল অস্ট্রেলিয়ার।
বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই শিকার ধরলেন তাসকিন। ম্যাচের ৮৭তম ওভারের তাসকিনের করা পঞ্চম ডেলিভারিটি স্টার্কের ব্যাট ছুঁয়ে জমা হয় লিটনের হাতে। বাংলাদেশের জোড়ালো আবেদনে আউট দিয়ে দেন আম্পায়ার। স্টার্ক রিভিউ নিলেও বদলায়নি সিদ্ধান্ত। ৩৪ বলে ১৮ রান করে ফেরেন তিনি। এতে ভাঙে ৭৭ বলে ৪৩ রানের জুটি
মিরাজের স্পিন বিষে নীল হচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন সকালে লক্ষ্য ছিল দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া। সেই লক্ষ্যেও সফল বাংলাদেশ। এবার মেহেদী হাসান মিরাজের স্পিন বিষে নীল হচ্ছে স্বাগতিক ব্যাটাররা। দিনের শুরুতেই তিন উইকেট তুলে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
৬ উইকেট হাতে রেখে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন শেষ বিকেলে জুটি গড়ে অসিদের রক্ষা করা ক্যামেরন গ্রিন আর অ্যালেক্স ক্যারির কাঁধে দায়িত্ব ছিল সকালটা পার করার। তবে সেই সুযোগ দেননি মিরাজ। দিনের সপ্তম ওভারেই ক্যারিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান। ৭২ বলে ৩০ রান করে ক্যারি ফিরলে ভাঙে ৫৬ রনানের জুটি।
পরের দুই ব্যাটারকেও সুযোগ দেননি মিরাজ। বেউ ওয়েবস্টার উইকেটে এসে দেখেশুনে শুরু করেছিলেন। কিন্তু বাংলাদেশের জন্য হুমকি হওয়ার আগেই তাকে সাজঘরের পথ দেখান মিরাজ। ২১ বলে ৫ রান করা ওয়েভস্টারের স্টাম্প ভেঙে দেন এই টাইগার অলরাউন্ডার।
এরপর রাজ্য জয়ের দায়িত্ব নিয়ে উইকেটে আসেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও তাকে সফল হতে দেননি মিরাজ। ৩২ বলে ৮ রান করা কামিন্সকে ফিরিয়েছেন সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে।
এর ফাঁকে অবশ্য হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন গ্রিন। একপ্রান্ত আগলে রেখে তিনি একাই লড়াই চালিয়ে যাচ্ছেন। সেঞ্চুরির পথে হাঁটছেন এই অসি ব্যাটার। ১৯ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক