মূল সিরিজের আগে বড় সুখবর পেল বাংলাদেশ
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ। তিন দিনের প্রস্তুতিতে ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে সোয়া দুই দিনেই। ব্যাটিংয়ে নিদারুণ ব্যর্থতা উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। দ্বিতীয় ইনিংসে মোটে একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌছাতে পেরেছেন। অলআউট হয়েছে ৫৪ রানে।
এমন লজ্জার হারের দিনেও টাইগার শিবিরে স্বস্তির খবর তাইজুল ইসলামের চোট থেকে দ্রুত সেরে ওঠা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যাথা পান তিনি। এতে তার আঙ্গুল কিছুটা ফুলে যায়। যে কারণে দ্বিতীয় দিনে বোলিং করতে পারেননি তিনি।
সেই চোটের কারণে প্রথম টেস্ট তাইজুলের খেলা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। আজ শনিবার (৮ আগস্ট) টাইগার স্পিনারের চোটের আপডেট জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় তাইজুলকে নিয়ে সুসংবাদ দিয়েছেন তিনি।
বায়েজিদুল ইসলাম বলেন, ‘তাইজুল ইসলাম গত পরশুদিন ব্যাটিংয়ের সময় যে ব্যাথা পেয়েছিলেন, সে ব্যাথাটা অনেকটাই কমে আসছে। ফোলা এবং ব্যাথা দুইটাই কমে আসছে। মূল সিরিজ আসতে আমাদের হাতে আরও চারদিন বাকি আছে। আশা করছি সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

স্পোর্টস ডেস্ক