মেসিকে জড়িয়ে ধরে যা বললেন ইয়ামাল
বার্সেলোনায় তাকে ভাবা হয় লিওনেল মেসির উত্তরসূরি। মাত্র ১৯ বছর বয়সেই কাতালানদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। বিশ্বকাপে স্পেন দলেরও অন্যতম প্রাণভোমরা ছিলেন ইয়ামাল। মেসির সঙ্গে তুলনা করা হয়, মেসির সামনেই জিতলেন বিশ্বকাপ। সেটি মেসির আর্জেন্টিনাকে হারিয়েই।
বিশ্বকাপ ফাইনালে রেফারির শেষ বাঁশির পর মেসির দিকে ছুটে যান ইয়ামাল, জড়িয়ে ধরেন তাকে। এবার মেসিকে নিয়ে কথা বলেছেন স্পেনের এই তারকা উইঙ্গার। তার কাছে, মেসি ইতিহাসের সেরা।
ইয়ামাল বলেন, ‘লিও’র বিপক্ষে খেলার মুহূর্তটা দুর্দান্ত। তিনি ইতিহাসের সেরা এবং তাকে আমি সবসময় সম্মান করি। ম্যাচ (ফাইনাল) শেষ হওয়ার পর আমার প্রথম ভাবনা ছিল তার কাছে যাওয়া এবং তার প্রতি আমার সম্মান দেখানো।’
‘লিও আমার প্রতি উদারতা দেখিয়েছেন, আমাকে নিজের পথে অবিচল থাকার কথা জানিয়েছেন। কারণ, ভবিষ্যৎটা আমাদের প্রজন্মের’—যোগ করেন ইয়ামাল।
বয়সটা সবে ১৯। কৈশোরের চপলতা এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু এই বয়সেই ফুটবলের সবচেয়ে বড় দুই শিরোপার গল্পে নিজের নাম লিখে ফেলেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই জিতেছিলেন ইউরো, আর এবার উঁচিয়ে ধরলেন ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত সোনালি ট্রফিটি।

স্পোর্টস ডেস্ক