ফুটবলের মহোৎসবে সুরের মূর্ছনা: বর্ণিল হাফটাইম শো
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শো হয়ে উঠেছে ফাইনালের অন্যতম আকর্ষণ। ফুটবলের উত্তেজনার মাঝেই সংগীত, নৃত্য ও বর্ণিল আলোকসজ্জায় জমে ওঠে এই বিশেষ আয়োজন, যেখানে পারফর্ম করেন বিশ্বের জনপ্রিয় সব সংগীতশিল্পীরা।
শান্ত আবহের মধ্য দিয়ে মঞ্চে আসেন জাস্টিন বিবার। অভিনেতা জেসন সুদেইকিস টেড ল্যাসো চরিত্রে এবং ব্রেন্ডন হান্ট কোচ বিয়ার্ডের ভূমিকায় তাকে পরিচয় করিয়ে দেন। এরপর বিবার পরিবেশন করেন তার গান ‘এভরিথিং হ্যালেলুজাহ’, যা পুরো স্টেডিয়ামে আবেগঘন পরিবেশ তৈরি করে।
বিবারের পরই মঞ্চে উঠে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান শাকিরা। ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ দিয়ে পরিবেশনা শুরু করেন তিনি। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। দুজনের প্রাণবন্ত পরিবেশনায় মুহূর্তেই বদলে যায় স্টেডিয়ামের আবহ।
এরপর পরিবেশনায় অংশ নেয় নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয় পিএস২২-এর কোরাস দল। তাদের সঙ্গে ছিল জনপ্রিয় পাপেট চরিত্র দ্য মাপেটস। এ সময় রংধনুর রঙে সাজানো মাঠজুড়ে ভেসে ওঠে ‘ভালোবাসা’ শব্দটি, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সবশেষে মঞ্চে ওঠে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। তাদের জনপ্রিয় গান ‘ডাইনামাইট’ দিয়ে হাফটাইম শোর সমাপ্তি ঘটে উচ্ছ্বাস আর দর্শকদের করতালির মধ্য দিয়ে।

স্পোর্টস ডেস্ক