বিশ্বকাপের হাফ-টাইম শো মাতাবেন যেসব তারকারা
ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ এবার রূপ নেবে বৈশ্বিক বিনোদনেরও উৎসবে। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের বিরতিতে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপের হাফ টাইম শো। সেই মঞ্চে পারফর্ম করবেন শাকিরা, বিটিএস, ম্যাডোনা, জাস্টিন বিবারসহ বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। ফলে শিরোপা নির্ধারণের উত্তেজনার পাশাপাশি দর্শকদের নজর থাকবে এই বর্ণাঢ্য সংগীত আয়োজনেও।
এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের সঙ্গে তার সম্পর্ক বহু দিনের। ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) গেয়ে তিনি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মহামঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
বিশ্বসংগীতের আরেক বড় আকর্ষণ হিসেবে থাকছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সামরিক দায়িত্ব শেষে সদস্যদের পুনর্মিলনের পর এটিই তাদের অন্যতম বড় আন্তর্জাতিক পরিবেশনা। ফলে বিশ্বের কোটি কোটি ভক্তের চোখ থাকবে তাদের দিকেও।
হাফ টাইম শোকে আরও জমকালো করে তুলতে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, কানাডিয়ান তারকা জাস্টিন বিবার এবং নাইজেরিয়ার গ্র্যামিজয়ী শিল্পী বার্না বয়। পাশাপাশি বিশ্বখ্যাত অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নেতৃত্বে বিশেষ সংগীত পরিবেশনায় অংশ নেবে নিউইয়র্কের জনপ্রিয় পিএস২২ কোরাস।
পুরো আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই হাফ টাইম শোর লক্ষ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়, বরং ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য তহবিল সংগ্রহ করা। এই তহবিল বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে হাফ টাইম শো যুক্ত হওয়ায় নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তাই স্পেন-আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের পাশাপাশি বিশ্বের সেরা সংগীত তারকাদের পরিবেশনাও এবারের ফাইনালের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে।

স্পোর্টস ডেস্ক