বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল বেছে নিলেন রোনালদো
ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালের উত্তেজনায় এখন কাঁপছে পুরো বিশ্ব। আর্জেন্টিনা বনাম স্পেনের এই মহারণ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। ফুটবল বোদ্ধারাও বেছে নিচ্ছেন ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে। সেই দলে এবার নাম লেখালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও।
দুইবার বিশ্বকাপ জেতা এই ব্রাজিলিয়ান তারকা ফাইনালের আগে স্পেনকে বেশ এগিয়ে রাখছেন। রোনালদো বলেন, ‘আমি মনে করি, স্পেনই জিতবে এবং বেশ সহজেই। টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্স আর স্পেনের ওপর আমার নজর ছিল। স্পেন এখন অসাধারণ ফুটবল খেলছে, যা তাদের ডিএনএ-র অংশ।’
স্পেনকে এগিয়ে রাখলেও লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক। স্কালোনির শিষ্যদের প্রশংসা করে রোনালদো বলেন, ‘আর্জেন্টিনা দলটা দারুণ লড়াকু। যেকোনো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা আছে তাদের। এই লড়াকু মানসিকতা ফুটবলের জন্য সত্যিই প্রশংসার যোগ্য।’
তবে মাঠের কৌশল আর নিখুঁত ফুটবল খেলার ক্ষেত্রে স্পেনকে আর্জেন্টিনা থেকে এগিয়ে রাখছেন তিনি। তার ভাষ্যমতে, স্প্যানিশ খেলোয়াড়রা মাঠে ঠিক কোন সময়ে কী করতে হয়, তা খুব ভালোভাবেই জানেন। তাদের পরিকল্পনা ও বাস্তবায়ন আর্জেন্টিনার চেয়েও নিখুঁত।
আজকের এই ফাইনাল ম্যাচটি দুই দলের জন্যই ইতিহাস গড়ার সুযোগ। আর্জেন্টিনা যদি জিততে পারে, তবে পেলের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে। অন্যদিকে, টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্পেন লক্ষ্য স্থির করেছে তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার।

স্পোর্টস ডেস্ক