মেসিকে নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন স্পেন অধিনায়ক
লিওনেল মেসি যেন একটা ধাঁধা। সব ফাঁকফোকর গলে ঠিকই বেরিয়ে যান। বের করে আনেন ম্যাচ। বিশ্বকাপ ফাইনালেও আজ তিনিই এক্স-ফ্যাক্টর। স্পেনের বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে মেসি। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনা অধিনায়ক। তাকে থামানোই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
তবে স্পেন অধিনায়ক রদ্রির মতে, আর্জেন্টিনা মানেই শুধু মেসি নয়। নজরে রাখতে হবে গোটা দলকে।
রদ্রি বলেন, ‘আমার কাছে মেসি সর্বকালের সেরা। কিন্তু আর্জেন্টিনা শুধু একজন খেলোয়াড়ের দল নয়। তাদের দলে আরও অনেক বিশ্বমানের ফুটবলার রয়েছে। তাই আমাদের পুরো দলকেই নজরে রাখতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধে আর্জেন্টিনার খেলায় বেশ কিছু বাড়তি ফাউল নজরে আসে। স্প্যানিশদের মতে, কিছু সময় সেটি ফুটবলের চেয়ে মল্লযুদ্ধের মতোই মনে হয়েছে। বিষয়টি ফাইনালের রেফারির নজরেও আনা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে নারাজ স্পেন অধিনায়ক।
এ প্রসঙ্গে রদ্রি বলেন, ‘ফাইনাল ম্যাচ সব সময়ই আলাদা। এখানে শারীরিক শক্তির ব্যবহার বেশি হবে। আমাদের সেই প্রস্তুতি রয়েছে। আমরা জানি কখন কীভাবে খেলতে হয়। আক্রমণ, রক্ষণ কিংবা পাল্টা আক্রমণ, সব দিকেই আমরা প্রস্তুত।’

স্পোর্টস ডেস্ক