মেসির ফিটনেস নিয়ে সুখবর, একাদশ ঘোষণা আর্জেন্টিনার
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে মিলেছে বড় স্বস্তির খবর। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখে আঘাত পেলেও লিওনেল মেসি পুরোপুরি ফিট আছেন। ফলে সেমিফাইনালের মহারণে অধিনায়ককে নিয়েই পরিকল্পনা সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের লড়াই শেষে ৩-১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষে মেসির চোখের পাশে আঘাত লাগে। সামান্য রক্তও বের হয়। যা মুহূর্তের জন্য উদ্বেগ তৈরি করেছিল। চিকিৎসা নেওয়ার পর তিনি আবার মাঠে ফেরেন। পরবর্তী বিরতিতে ফিজিও তার ক্ষত পরিষ্কার করে দেন। এরপর পুরো ১২০ মিনিট খেলেই ম্যাচ শেষ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির শারীরিক অবস্থা নিয়ে তাই আর কোনো সংশয় নেই। ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই একাদশে থাকছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে এটিই হতে যাচ্ছে মেসির প্রথম ম্যাচ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ১৭ গোলের মধ্যে ১০টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
সুইজারল্যান্ডের আগে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও কঠিন পরীক্ষা উতরে জিতেছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় স্কালোনি টানা একই একাদশের ওপর ভরসা রেখেছেন। ফাকুন্দো মেদিনা চোট পাওয়ার পর থেকে সেন্টার ব্যাকে নিয়মিত খেলছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। যদিও সুইজারল্যান্ড ম্যাচে অতিরিক্ত সময়ে ক্লান্ত হয়ে রোমেরো মাঠ ছাড়েন, তবু সেমিফাইনালে তাকে নিয়েই শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।
ফুলব্যাকে নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো, মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ এবং আক্রমণে হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি ও জিওভান্নি সিমিওনেকে নিয়ে শক্তিশালী একাদশ গড়েছে আর্জেন্টিনা। এই উইনিং কম্বিনেশন ধরে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে।

স্পোর্টস ডেস্ক