ওইয়ারসাবালের পেনাল্টিতে ফ্রান্সকে চাপে ফেলল স্পেন
ফ্রান্সের বিপক্ষে গোল করে উদযাপন করছে স্পেন। ছবি : ফিফা
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ২০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে লা রোহাদের লিড এনে দেন মিকেল ওইয়ারসাবাল।
ডালাসে অনুষ্ঠিত হাইভোল্টেজ লড়াইয়ে স্পেনের আক্রমণ থেকেই আসে ম্যাচের প্রথম বড় সুযোগ। লামিন ইয়ামাল বক্সের ভেতরে ঢুকে পড়লে তাকে অসতর্ক ট্যাকলে ফেলে দেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনে। কাছেই থাকা রেফারি ইভান বার্টন কোনো দ্বিধা না করে পেনাল্টির বাঁশি বাজান।
স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি ওইয়ারসাবাল। ফ্রান্সের গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম আঘাত হানে স্পেন। ওইয়ারসাবালের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় স্প্যানিশরা।

স্পোর্টস ডেস্ক