সেমিফাইনালের আগে যে বার্তা দিলেন মেসি
বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই একটি বেসক্যাম্প বাছাই করে নিয়েছিল। এখানেই চলত দলগুলোর ট্রেনিং সেন্টার। আর্জেন্টিনার সেই বেসক্যাম্প ছিল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের সেমিফাইনাল খেলবে আটলান্টায়। যে কারনে এবার বিদায় জানাতে হচ্ছে কানসাস সিটিকে।
বিদায়বেলায় এই শহরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কিছু ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ কানসাস! আমাদের এই স্বপ্নযাত্রা এখনও অব্যাহত আছে।’
মূলত গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের পর এই কানসাস সিটির বেসক্যাম্পেই ফিরে আসতেন মেসিরা। তাই ফুটবলারদের কাছে এই শহরটি কেবল একটি অনুশীলন কেন্দ্র ছিল না, বরং হয়ে উঠেছিল এক টুকরো ‘মিনি আর্জেন্টিনা’। শেষবারের মতো এখানে অনুশীলন সেরে দলটির ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টির মাধ্যমে তারা এই ক্যাম্পকে বিদায় জানায়।
বুধবার দিবাগত রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হবে শিরোপার পথে এগিয়ে যাওয়ার এই হাইভোল্টেজ দ্বৈরথ।
এই ম্যাচের পর আর কানসাসে ফেরার কোনো পরিকল্পনা নেই দলটির। সেমিফাইনালে জয়ী হলে তাদের গন্তব্য হবে নিউজার্সি, সেখানেই হবে শিরোপার লড়াই। আর সেমিফাইনালে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে তাদের উড়াল দিতে হবে মায়ামিতে।
সব মিলিয়ে কানসাসের এই বেসক্যাম্পটি আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চের ফাইনালের দুয়ারে পৌঁছে দেওয়ার এক বড় সহযাত্রী হয়ে রইল।

স্পোর্টস ডেস্ক