কেন এত পেনাল্টি মিস করছেন মেসি-এমবাপ্পেরা?
এবারের বিশ্বকাপে গোলের ফুলঝুড়ি ফোটাচ্ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনরা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে তুলেছেন তারা। তবে অপ্রত্যাসিত রেকর্ডও গড়ছেন তারা। ইতোমধ্যে দুটি পেনাল্টি মিস করেছেন মেসি, একটি করে মিস করেছেন এমবাপ্পে, হ্যারি কেইনরা। প্রশ্ন উঠছে কেনো এতো পেনাল্টি মিস করছেন তারকারা?
মেসি-এমবাপ্পেদের পেনাল্টি মিসের পেছনে উঠে এসেছে ভিন্ন এক কারণ। এবারের বিশ্বকাপে পেনাল্টি নিতে বিশেষ এক কৌশল ব্যবহার করছেন ফুটবলাররা। যার নাম বলা হচ্ছে স্টাটারিং পেনাল্টি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের মতো তারকারাও এই পদ্ধতি ব্যবহার করছেন।
মরক্কোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। পেনাল্টি নিতে যান এমবাপ্পে। দৌড় শুরু করার পর হালকা থেমে শট নেন তিনি। তবে গোলরক্ষক ইয়াসিন বুনো তার শট ঠেকিয়ে দেন। এমন দৃশ্য এবারের বিশ্বকাপে একাধিকবার দেখা গেছে।
স্টাটারিং পেনাল্টির মূল লক্ষ্য হলো গোলরক্ষকের মনোযোগ ভেঙে দেওয়া। শট নেওয়ার আগে গতি কমিয়ে বা থেমে গিয়ে টাইমিং অনিশ্চিত করা হয়। এতে গোলরক্ষক আগেভাগেই নিজের পজিশন পরিবর্তন করে ফেলতে পারেন। এমনকি অনেক সময় লাইন ছেড়ে বেরিয়েও আসে।
ভিএআর প্রযুক্তির যুগে এটি পেনাল্টি শট নেওয়া ফুটবলারের জন্য বাড়তি সুবিধা তৈরি করতে পারে, কারণ গোলরক্ষক লাইন ছাড়লে পেনাল্টি পুনরায় নেওয়ার সুযোগ থাকে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এই কৌশলের পেছনের যুক্তিও তুলে ধরেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তার একটি পেনাল্টি প্রথমে ঠেকানো হলেও পরে পূনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান তিনি। কেইন জানান, গোলরক্ষকের আগাম গতিবিধি বিশ্লেষণ করেই তিনি এই পদ্ধতি বেছে নিয়েছিলেন।
সাবেক গোলরক্ষক জো হার্টের মতে, এই কৌশল গোলরক্ষকদের জন্য যেমন কঠিন, তেমনি পেনাল্টি নেওয়া ফুটবলারের জন্যও ঝুঁকিপূর্ণ। কারণ এতে নিজের রিদম হারানোর সম্ভাবনা থাকে।
পরিসংখ্যানও সেই ইঙ্গিত দিচ্ছে। এবারের বিশ্বকাপে নেওয়া ৬০টি পেনাল্টির (টাইব্রেকারসহ) মধ্যে গোল হয়েছে মাত্র ৩৯টি। সফলতার হার ৬৫ শতাংশ, যা ১৯৩৮ সালের পর সর্বনিম্ন। স্টাটারিং পদ্ধতিতে নেওয়া ২২টি পেনাল্টির মধ্যে ১৪টিই মিস হয়েছে। ব্যর্থতার হার প্রায় ৬৪ শতাংশ। অন্যদিকে, সাধারণ রান আপে নেওয়া পেনাল্টির সফলতার হার প্রায় ৬৬ শতাংশ।
ব্রুনো গিমারায়েস, জর্গেন স্ট্রান্ড লারসেন এবং হ্যারি কেন এই পদ্ধতিতে শট নিয়ে ব্যর্থ হয়েছেন। মেসিও স্টাটারিং রান আপে পেনাল্টি মিস করেছেন। আবার অন্য ম্যাচে সাধারণ রান আপেও তার শট ঠেকানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক