চোটজর্জর ব্রাজিল, নরওয়ের বিপক্ষে কেমন হবে একাদশ?
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এবার নরওয়ের মুখোমুখি ব্রাজিল। শেষ ষোলোর এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা স্বপ্ন। আর জয় পেলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল।
আজ রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির পাশাপাশি রয়েছে উদ্বেগও। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় নরওয়ের বিপক্ষে তাকে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে দল।
চিকিৎসকদের আশা, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ১১ জুলাই মায়ামির ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। বিশ্রামের পর অনুশীলনে ফিরেছেন রায়ানও।
অন্যদিকে, লুকাস পাকুয়েতার চোট ব্রাজিলের পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে। জাপানের বিপক্ষে বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই মিডফিল্ডারের চলতি বিশ্বকাপে আর খেলার সম্ভাবনা প্রায় নেই। ফলে তার জায়গা পূরণে এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা দানিলোর মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে।
এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগাইলেয়াস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস/গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র।

স্পোর্টস ডেস্ক