কেপ ভার্দে ম্যাচ নিয়ে যা বললেন মেসি
শেষ পর্যন্ত জয় মিলেছে, মিলেছে শেষ ষোলোর টিকিটও। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সে সন্তুষ্ট নন লিওনেল মেসি। জয়ের পরই আত্মসমালোচনা করে আর্জেন্টাইন অধিনায়ক জানান, সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই ম্যাচে চোখে পড়া ভুলগুলো দ্রুত শুধরে নেওয়া জরুরি।
ম্যাচের পর মেসি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতে পরের ধাপে উঠেছি। আজ আমরা ভালো কিছু করেছি, আবার অনেক ভুলও করেছি। সামনে কী অপেক্ষা করছে, তা মাথায় রেখে বিশ্রাম নিতে হবে এবং ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। আমার মনে হয়, আজ ভুলের সংখ্যা বেশি ছিল।’
কেপ ভার্দের লড়াইয়ের প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষেও তারা হারেনি। প্রথম গোলের পর মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমরা বলের দখল হারিয়েছি, ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি। তারা নিজেদের শক্তির জায়গাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে।’
মেসির মতে এই বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়— ‘এটি নকআউট টুর্নামেন্ট। এখানে কেউ কাউকে বিনা লড়াইয়ে কিছু দেয় না। সব দলই খুব কাছাকাছি মানের। তাই প্রতিটি ম্যাচই হবে কঠিন পরীক্ষার।’
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বিশ্বকাপে ইতিহাস গড়া কেপ ভার্দে দারুণ লড়াই করে ম্যাচে একাধিকবার সমতা ফেরায়।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দল দুটি গোল করে। শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে ডিন বোর্হেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক