ভূমিকম্পে সব হারানো শিশুর পাশে মানবিক রোনালদো
ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই ওলটপালট হয়ে যায় ছোট্ট আন্দ্রেস মিয়েলেসের জীবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হারিয়েছে পরিবারের সবাইকে। গুরুতর আহত হয়ে হারাতে হয়েছে একটি পা। জীবনের এমন কঠিন সময়েও তাকে বাঁচিয়ে রেখেছিল একটি স্বপ্ন। একদিন নিজের চোখে প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে খেলতে দেখবে। সেই স্বপ্নের কথা জানতে পেরে হৃদয় ছুঁয়ে যাওয়া এক উদ্যোগ নিলেন পর্তুগিজ মহাতারকা।
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিশোর আন্দ্রেসের উদ্দেশে একটি ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠিয়েছেন রোনালদো। ভিডিওতে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ‘আমি চাই, তুমি আমার একটি ম্যাচ মাঠে এসে দেখো।’ একই সঙ্গে পুনর্বাসনের কঠিন পথ পাড়ি দিতে সাহস ও অনুপ্রেরণা জোগান তিনি।
রোনালদোর বার্তা দেখার সময় হাসপাতালের শয্যায় আবেগাপ্লুত হয়ে পড়ে আন্দ্রেস। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে প্রশংসায় ভাসেন পর্তুগিজ তারকা। অনেকেই বলছেন, এটি কেবল একজন ফুটবলারের নয়, একজন মানবিক মানুষের পরিচয়।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস ও লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। সেই দুর্যোগেই পরিবারের সবাইকে হারায় আন্দ্রেস। গুরুতর আহত হওয়ায় চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হয়।
আন্দ্রেসের গল্প প্রকাশ্যে আসার পর তা পৌঁছে যায় রোনালদোর কাছেও। এরপর কোনো আনুষ্ঠানিকতা নয়, ব্যক্তিগতভাবেই শিশুটির জন্য ভিডিও বার্তা পাঠান তিনি। শুধু শুভকামনাই নয়, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে নিজের একটি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণও জানান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
মানবিক কর্মকাণ্ডে রোনালদোর নাম নতুন নয়। অতীতেও অসুস্থ শিশুদের চিকিৎসায় সহায়তা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন দাতব্য উদ্যোগে নীরবে অবদান রেখে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।
আন্দ্রেসের জীবনের অপূরণীয় ক্ষত হয়তো কোনো দিনই মুছে যাবে না। তবে রোনালদোর এই মানবিক উদ্যোগ তার অন্ধকার জীবনে আশার নতুন আলো জ্বালিয়েছে। এখন একটাই অপেক্ষা, পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাচ গ্যালারিতে বসে দেখার স্বপ্নটি বাস্তবে রূপ নেওয়ার।

স্পোর্টস ডেস্ক