অস্ট্রেলিয়ার সঙ্গে কেমন উইকেটে খেলবে বাংলাদেশ, জানালেন লিটন
মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। যা নিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন লিটন-মিরাজরা। ওয়ানডে অভিযান শেষে এবার টি-টোয়েন্টির পালা। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ।
ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। স্বভাবতই তার কাছে উইকেট সম্পর্কে জানতে চাওয়া হয়। চট্টগ্রামের উইকেট আগে থেকেই স্পোর্টিং। তাই এই সিরিজেও আশা তেমন কিছুর।
বাংলাদেশ অধিনায়ক লিটন অবশ্য খোলাসা করেননি। তিনি জানান, উইকেট নির্ভর করছে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার ওপর। প্রতিটি দলই চায় হোম অ্যাডভান্টেজ নিতে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
লিটন বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার ওপর নির্ভর করছে উইকেট কেমন হবে। একাদশও নির্বাচন করা হবে উইকেটের ওপর নির্ভর করে। কোনো উইকেটে খেলা হবে, কেমন আচরণ করবে, সেই অনুযায়ী দল নির্বাচন করা হবে। যা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত।’
ওয়ানডে সিরিজে ভালো করার পর স্বাগতিকরা মুখিয়ে আছে টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করার জন্য। লিটন জানালেন, দলের সবার প্রতি একটাই মেসেজ তার। অনুশীলন করো, পরিশ্রম করো। যখন সুযোগ আসবে, কাজে লাগাও।

স্পোর্টস ডেস্ক