দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (১১ জুন) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। আজকের ম্যাচটি সফরকারীদের জন্য বাঁচা-মরার। হারলে সিরিজ খোয়াতে হবে তাদের।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথম ম্যাচ দারুণ ছিল। আশা করি আজও ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিস বলেন, ‘আমাদের সামনের প্রতিটি ম্যাচে উন্নতি করতে হবে। আমরা জয়ের জন্য খেলব।’
মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনা হতো, সেটি এখন অনেকটা কমেছে। স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে গতকাল স্টোর্টিং উইকেটের দেখাই মিলেছে। আজও বৈচিত্র্য থাকবে উইকেটে।
অসিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে বাংলাদেশের বড় ভরসা হতে যাচ্ছেন নাহিদ রানা। বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে কেবল বাংলাদেশই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই সফল পেসার এই তরুণ। ২১ বছর পর ওয়ানডেতে অসিবধে বল হাতে অন্যতম নায়ক ছিলেন নাহিদ। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট পেয়েছেন। তার দিকে তাই বাড়তি নজর থাকবে সবার।
ব্যাটিংয়ে তিন ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। যা স্বস্তির খবর। চার বছর পর দলে ফিরে মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছেন ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস। বল হাতে নিয়েছিলেন দুই উইকেট। প্রথম ওয়ানডের ম্যাচ সেরা মোসাদ্দেকের দিকেও নজর থাকবে সবার।

স্পোর্টস ডেস্ক