দুর্দান্ত শুরু বাংলাদেশের, দুই ওভারে দুই শিকার
ব্যাট হাতে শেষ দিকে দারুণ খেলেছে বাংলাদেশ। সেই রেশ ধরে রেখেছেন বোলাররা। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার স্ট্যাম্প ভেঙে দিয়েছেন তাসকিন আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ভেঙেছে অসি ওপেনার ম্যাথু স্কটের স্ট্যাম্প। শূন্য রানে সাজঘরে ফেরেন স্কট।
তাসকিনের পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মুস্তাফিজ লেগ বিফোর করেন মার্নাস লাবুশেনকে। আম্পায়ার অবশ্য প্রথমে সাড়া দেন। রিভিউ নিয়ে উইকেট আদায় করে স্বাগতিকরা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে আছে অস্ট্রেলিয়া।
এর আগে দিনের শুরুটা হতাশা জাগানিয়া হলেও, দ্রুতই নিজেদের সামলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু, মাঝে আবার ব্যাটিং ধস। শেষ দিকে ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনজন পান ফিফটির দেখা। তাতে লড়াইয়ের রসদ পায় বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান।
ম্যাচ জিততে অসিদের প্রয়োজন ২৮৫ রান।

ক্রীড়া প্রতিবেদক