কোচকে বিশ্বকাপ উপহার দিতে চান ফরাসি তারকা দেম্বেলে
ফ্রান্সকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন দিদিয়ের দেশম। তার অধীনে বিশ্বকাপ জিতেছে ফরাসিরা। খেলেছে টানা দুটি ফাইনাল। ১৪ বছর ধরে ফ্রান্সের ডাগআউট সামলানো দেশম ২০২৬ বিশ্বকাপ শেষে ইতি টানবেন ফ্রান্স অধ্যায়ের।
সফল এই কোচকে বিদায়ী উপহার দিতে চান ফরাসি তারকা উসমান দেম্বেলে। উপহার হিসেবে বিশ্বকাপ জিততে চান তিনি। ইএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন দেম্বেলে।
দেম্বেলে বলেন, 'আমরা জানি এটি আমাদের কোচের শেষ টুর্নামেন্ট। ফরাসি ফুটবলের জন্য তিনি অসাধারণ একজন কোচ, যার অর্জনের তালিকাও দীর্ঘ। তার সঙ্গে আমরা আগেও বিশ্বকাপ খেলেছি। এখন আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপে ভালো করা।'
দেম্বেলে যোগ করেন, 'আমরা চাই তার সঙ্গে এই যাত্রার সুন্দর সমাপ্তি হোক। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো আমাদের লক্ষ্য। তিনি সবসময় খেলোয়াড়দের পাশে থেকেছেন। তার জন্য জিততে চাই।'
২০১২ সালে লরেন্ত ব্লাঙ্কোর স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্সের দায়িত্ব নেন দেশম। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশন্স লিগ জিতেছে ‘লা ব্লুরা। এছাড়া ২০১৬ ইউরোর ফাইনাল, ২০২২ বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ ইউরোর সেমিফাইনালেও খেলেছে ফ্রান্স।
বিশ্ব ফুটবলের অন্যতম দীর্ঘমেয়াদি জাতীয় দলের কোচ দেশম এবার শেষবারের মতো বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ফ্রান্সকে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরান ও নরওয়ে। আগামী ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফরাসিরা।

স্পোর্টস ডেস্ক