চমক দিয়ে সাফের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
আগামী ২৫ মে ভারতের গোয়ায় বসছে নারী সাফ চ্যম্পিয়নশিপের এবারের আসর। টুর্নামেন্টের টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার খোঁজে মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। আপাতত চলছে সেই প্রস্তুতি। এর মাঝেই চমক দিয়ে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বিবেচনায় নেই গত বছর সাফজয়ী বেশকিছু ফুটবলার। সেই ধারায় সাফের স্কোয়াডেও নেই তারা। এশিয়ান কাপের মতো তারুণ্য নির্ভর দল নিয়েই হ্যাটট্রিক শিরোপার মিশনে নামবে পিটার বাটলারের শিষ্যরা।
পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন স্বপ্না রাণী ও মুনকি আক্তার। এছাড়া চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি নবীরন খাতুন। তবে বড় চমক হিসেবে দলে আছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। বর্তমানে অস্ট্রেলিয়ার লিগে খেলছেন এই ফুটবলার।
সাফের চূড়ান্ত প্রস্তুতির জন্য আগামীকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে দুই সপ্তাহের বিশেষ ট্রেনিং ক্যাম্প করবে মেয়েরা। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের দুটি স্থানীয় ক্লাবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও খেলবে তারা। থাইল্যান্ড থেকে সরাসরি ভারতের গোয়ায় পৌঁছাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজ বুধবার (৬ মে) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শিরোপার হ্যাটট্রিক করা। সেই অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাফুফে এই টুর্নামেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।
দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ জুন।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার।
ডিফেন্ডার : শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন।
মিডফিল্ডার : অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা।
ফরোয়ার্ড : শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।

স্পোর্টস ডেস্ক